রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের গয়নার দোকানে বড় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে দোকান থেকে প্রায় দুই হাজার ভরি গয়না ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চোরেরা স্বর্ণ, রুপা ও হীরার গয়নাসহ প্রায় দুই হাজার ভরি অলংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে।
দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, মালিক প্রাথমিকভাবে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি স্বর্ণ চুরি হওয়ার কথা জানিয়েছেন। ঘটনায় শপিং মলের নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দুজন শপিং মলের। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং অপরাধ তদন্ত বিভাগের একটি দল আলামত সংগ্রহ করছে।



















