যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে প্রায় ছয়টি ড্রোনের ঝাঁক প্রতিহত করেছে মার্কিন বাহিনী। ড্রোনগুলো উদ্ধার করা যায়নি, ফলে সেগুলোতে কী ছিল, তা জানা যায়নি।
এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৩ নভেম্বর ইংল্যান্ডের সাফোকের আরএএফ লেকেনহিথ ঘাঁটির আকাশে প্রায় ছয়টি ড্রোন ঘোরাফেরা করছিল। মার্কিন বাহিনী পাল্টা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সেগুলো তাড়িয়ে দেয়। সে সময় ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা জারি করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।
ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ ও সাফোক পুলিশ মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে পরিস্থিতি মোকাবিলা করে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘাঁটি স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থায় ফিরে যায়।
ঘটনার দিনই মার্কিন বিমানবাহিনী জানিয়েছিল, এতে কোনো কর্মী, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

লেকেনহিথে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইং রয়েছে। সেখানে প্রায় সাত হাজার কর্মী কাজ করেন। ইউরোপে এটিই মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান ঘাঁটি। গত সেপ্টেম্বরে ঘাঁটিটি ‘চার্লি অ্যালার্ট’—মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতায় ছিল।
এর আগে সেপ্টেম্বরে আরেকটি ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। হোয়াইট হাউস ও পেন্টাগন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।


















