ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

কুনারে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানিয়েছেন, নিহত ও আহতের সংখ্যা এখনো প্রাথমিক হিসাব। পরিস্থিতি আরও পরিষ্কার হলে এই সংখ্যা বদলাতে পারে।

প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলাওয়ি সামি-উল-হক জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটেছে বিদ্যালয়ের পাশের একটি বাড়ির ভেতরে। বাড়িটি খনির কাজের সঙ্গে জড়িত কয়েকজনের; সেখানে ডিনামাইট মজুত রাখা হয়েছিল।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাদেশিক তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

পাকিস্তান সীমান্তঘেঁষা কুনার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশ।

গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন