বীমা কভার নিয়ে পণ্য আমদানি করা হলেও অনেক ক্ষেত্রে বীমা প্রিমিয়াম পরিশোধ করা হচ্ছে না। পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম না দিয়েই বীমা কভার ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বীমা কোম্পানি।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, এভাবে হাজার হাজার কোটি টাকার অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি বন্ধে ব্যাংক, বীমা কোম্পানি এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে তথ্য আদান-প্রদানে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
বীমা খাতের অনিয়মের একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ সেই বীমা কভার ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং ব্যবস্থা যে জায়গায় গেছে, বীমা খাতও একই জায়গায় গেছে। বীমা কোম্পানিগুলো অর্থের অপব্যবহার করেছে, গ্রাহকদের দাবি পরিশোধ করছে না, অথচ নিজেরা সম্পত্তি কিনছে ও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। বীমা খাতে হাত দেওয়ার পর থেকেই প্রভাবশালী মহল বাধা দিতে শুরু করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে। সংস্কার সফল করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদেরও এগিয়ে আসতে হবে; প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার ব্যয় কমানোই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। ঋণের সুদহার কমাতে বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য সুদ ভর্তুকিসহ ৬ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর বিষয়েও চিন্তাভাবনা রয়েছে।


















