জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।

অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পর্যালোচনায় জনতা ব্যাংকের মূলধনঘাটতি ৬৬ হাজার ৮১১ কোটি টাকা বলে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ব্যাংকটির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যাশা করছেন, নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংক বর্তমান সংকট কাটিয়ে উঠবে।


















