মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো। সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলো কোলিসিয়ামে অনুষ্ঠিত ৭৫তম আসরের চূড়ান্ত পর্বে তিনি সেরা হয়েছেন।
২৭ বছর বয়সী জেনিফার মনোবিজ্ঞানী ও মডেল। তিনিই ইতিহাসে প্রথম বিবাহিত মা হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জিতলেন। তাঁর সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে। ২০২৩ সালে নিয়ম পরিবর্তনের পর বিবাহিত নারী ও মায়েরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
পুয়ের্তো রিকোর ষষ্ঠ মিস ইউনিভার্স তিনি। এর আগে ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। নিজের দেশের মাটিতে জিতে জেনিফার দ্বিতীয় পুয়ের্তো রিকান, যিনি ঘরের মাঠে মুকুট পেলেন।
গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি ‘দ্য রেডিয়ান্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা, বসানো ১৮ ক্যারেট সাদা সোনায়।
এবারের আসরে বিশ্বের ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের মেলিসা নুনেজ, দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় রানারআপ ফিলিপাইনের বেয়া মিলান-উইনডরস্কি এবং চতুর্থ রানারআপ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এবার সেরা ৩০-এ জায়গা পাননি।


















