ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল, ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ওই দিন সকাল ৯টা থেকে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

উপবৃত্তির জন্য প্রথমে নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। পরে প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও তথ্য যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তর্ভুক্ত করা তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনলাইনে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। এরপর উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে ট্রাস্টে পাঠাতে হবে। এ ক্ষেত্রে শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থীর তথ্য নতুন করে অন্তর্ভুক্ত করা যাবে না। উপবৃত্তির আবেদন ফরম, সংশোধিত নির্দেশনা ও বিস্তারিত নিয়ম ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে। উপবৃত্তি সংক্রান্ত প্রয়োজনে ০১৯১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন দুটি অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন