ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রের আশঙ্কায় ন্যাটোর হুঁশিয়ারি

রাশিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্রবাহী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে বলে খবর প্রকাশের পর মহাকাশে হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো।

জার্মান সংবাদমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্পুটনিক-এস’ নামের উপগ্রহটি বহু বছর ধরে মস্কোর কাছে সংরক্ষিত আছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, আগামী ৬০ দিনের মধ্যে এটি উৎক্ষেপণ করা হতে পারে। ডিসেম্বরে উৎক্ষেপণের সম্ভাবনার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে সোমবার বার্লিন সফরে এই খবরের বিষয়ে জানতে চাইলে বলেন, ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে—আর এর মধ্যে মহাকাশের নিরাপত্তাও রয়েছে। জোট মহাকাশে হুমকি মোকাবিলায় সক্ষমতা নিয়মিত পর্যালোচনা করছে বলে জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহটি কক্ষপথে স্থাপনের পর তা চালু করা যাবে অল্প সময়ের মধ্যে। মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে পৃথিবীর নিম্ন কক্ষপথের প্রায় এক-তৃতীয়াংশ কৃত্রিম উপগ্রহ অকার্যকর হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন মহাকাশ কমান্ডের প্রধান। এতে যোগাযোগ, নেভিগেশন ও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। বার্লিনে রুশ দূতাবাস জানিয়েছে, তাদের মহাকাশ কার্যক্রম শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপন নিষিদ্ধ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন