ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে ঢুকলেও হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা: বিজিবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলেও তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত পার হয়ে কেউ দেশে আসতে পারবে না—এমন নির্দেশনা বিজিবির কাছে রয়েছে।

তিনি জানান, শেখ হাসিনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সীমান্ত দিয়ে তিনি আসার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন ও নাইট ভিশন যন্ত্র ব্যবহার করে রাতেও নজরদারি চলছে। সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।

একই সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার দিবাগত রাতে শিবগঞ্জের ধোবড়া গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অভিযানের পরিসংখ্যানও তুলে ধরা হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছেন। এ সময় ৬১৫ জনকে আটক করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন