বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে চীনা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে প্রকাশিত এক ব্লু পেপারে এসব সুপারিশ করা হয়।
সোমবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে ব্লু পেপারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে এই ব্লু পেপার প্রকাশ করা হয়েছে।
ব্লু পেপারে বলা হয়েছে, ম্যান-মেড ফাইবার, মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধ শিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। চীনের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব বলেন, মিয়ানমার হয়ে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর গড়ার যে প্রস্তাব চীন দিয়েছে, তা বাস্তবায়ন হলে ঢাকা-বেইজিং সহযোগিতায় নতুন ঢেউ লাগবে।
ঢাকায় চীনা দূতাবাসের এক কর্মকর্তা বলেন, আগামী দিনে ‘চীনা প্রযুক্তি ও বাংলাদেশি উৎপাদন’ মডেলের ওপর ভিত্তি করে সহযোগিতা এগিয়ে নেওয়া হবে। এতে চীনের ১৪০ কোটির বেশি মানুষের বাজারে বাংলাদেশের পাট, চামড়া ও কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়বে। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এনার্জি স্টোরেজ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তিতে নতুন শিল্প গড়ার সুযোগও তৈরি হবে।

ব্লু পেপারের প্রধান গবেষক বলেন, গত এক দশকে অবকাঠামো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আগামী দিনে বিনিয়োগের গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় সক্ষমতা তৈরিতে বেশি মনোযোগ দিতে হবে।


















