ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

সিটি ইসলামিক-এর সৌজন্যে দুই দিনব্যাপী ‘আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক’ সফলভাবে সম্পন্ন; আগামীকাল অনুষ্ঠিত হবে মূল সামিট

‘সিটি ইসলামিক’-এর সৌজন্যে রাজধানীতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন ‘আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক’। গতকাল (রোববার) শুরু হওয়া এই বিশেষ আয়োজনটি আজ (সোমবার) দ্বিতীয় দিনের সেশনগুলোর মধ্য দিয়ে শেষ হয়েছে। এই কর্মশালার ধারাবাহিকতায় আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মূল আয়োজন ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’।
আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা আওফি (AAOIFI)-এর সমর্থনে আয়োজিত এই দুই দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে দেশ-বিদেশের প্রখ্যাত শরিয়াহ ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞরা বিভিন্ন সেশন পরিচালনা করেন।
কর্মশালার প্রথম দিন গতকাল (রোববার) গুরুত্বপূর্ণ সেশনগুলো পরিচালনা করেন মালয়েশিয়ার সালিহিন শরিয়াহ অ্যাডভাইজরির সিইও ড. আহসেন লাহসাসনা, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (IIUM) ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের সহযোগী অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়া এবং পাকিস্তানের মিজান ব্যাংক লিমিটেডের শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগের প্রধান শায়ান আহমেদ বেগ।
সমাপনী দিন আজ (সোমবার) সেশনগুলো পরিচালনা করেন মালয়েশিয়ার অ্যামমেটলাইফ তাকাফুল বেরহাদের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস, মালয়েশিয়ার মাসফিল (MASFiLaw)-এর ম্যানেজিং পার্টনার ড. সরফুদ্দিন আব্দুল শাহিদ সোয়েল এবং আইএফএসি (IFAC)-এর সহ-প্রতিষ্ঠাতা ও এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান।
আজকের অন্যতম আকর্ষণ ‘লিগ্যাল অ্যান্ড ডকুমেন্টেশন: গেটিং দ্য ডকুমেন্টস রাইট—লিগ্যাল অ্যান্ড ডকুমেন্টেশন ইস্যুজ ইন ইসলামিক ব্যাংকিং, দ্য এক্সপেরিয়েন্স অব মালয়েশিয়া’ শীর্ষক পঞ্চম সেশনে ড. সরফুদ্দিন আব্দুল শাহিদ সোয়েল ইসলামিক ব্যাংকিংয়ে শক্তিশালী আইনি কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ইসলামিক ব্যাংকিংয়ে যেকোনো পণ্য ততটাই মজবুত, যতটা মজবুত তার পেছনের ডকুমেন্টেশন।” মালয়েশিয়ার আইনি অভিজ্ঞতা ও বাস্তব মামলার আলোকে তিনি ব্যাংক ও গ্রাহক উভয়ের সুরক্ষায় নির্ভুল ডকুমেন্টেশন ও যথাযথ শরিয়াহ অনুমোদনের অপরিহার্যতা ব্যাখ্যা করেন এবং বাংলাদেশের ব্যাংকিং খাত এ থেকে কীভাবে উপকৃত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
আয়োজকদের পক্ষ থেকে মূল্যবান জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সাথে বিনিময় করার জন্য দেশ-বিদেশের সকল সম্মানিত বক্তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, ‘সিটি ইসলামিক’-এর নিবেদনে এবং এডিএল গ্রুপ (ADL Group), আইএফএ কনসালটেন্সি (IFA Consultancy) ও এডিএল অ্যাডভাইজরি (ADL Advisory)-এর যৌথ আয়োজনে এই পুরো অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। দুই দিনব্যাপী এই ক্যাপাসিটি বিল্ডিং সেশন শেষে আগামীকালের ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এ শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, ব্যাংকার ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞরা অংশ নেবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ