ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী সাহা। তিনি আদালতকে বলেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। তাঁর বয়স ও শারীরিক অবস্থার কারণে রাজপথে মিছিল করা বা নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় তিনি নেই। তিনি অসুস্থ ও বয়স্ক। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না বলেও আদালতকে জানান তাঁর আইনজীবী।

তবে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত বুধবার রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার ও বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলিও ছোড়া হয়। এ সময় সাদিকুলের পেটে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

সাদিকুলের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন