দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন দলটির নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপির প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয়।



















