ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

নেপালকে ২৪ হাজার কোটি রুপির সহায়তা ভারতের

নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় এই প্যাকেজের পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি।

গত আগস্টে ভয়াবহ বন্যায় নেপালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু মানুষ প্রাণ হারান, ভেঙে পড়ে সড়কসহ নানা অবকাঠামো। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে মোদি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে এবং পুনর্গঠনে নতুন গতি দিতেই এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই অর্থে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, জনপদ পুনর্গঠন এবং বাড়িঘর ও জীবিকা হারানো মানুষদের সহায়তা দেওয়া হবে।

একই বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এসবের মধ্যে রয়েছে ফরেনসিক বিজ্ঞান ও পুলিশ প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য ও চিকিৎসা, আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসা, মহাকাশ যোগাযোগ, টেকসই নগর উন্নয়ন এবং পশুসম্পদ ও মৎস্য খাতে সহযোগিতা। দক্ষিণ এশিয়া স্যাটেলাইট ব্যবহার করে নেপালে উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্ক গড়তেও সমঝোতা হয়েছে।

দুই প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে অযোধ্যা-জনকপুরধাম রেল সেবা সরযূ-কমলা এক্সপ্রেস, ভারতের ধারচুলা ও নেপালের দারচুলাকে যুক্ত করা সেতু এবং ৬৬৯ মেগাওয়াটের লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়া বানবাসায় সমন্বিত চেকপোস্ট ও ঝাপায় পেট্রোলিয়াম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। ৩৫ বছর বয়সী নেপালের প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে মোদি বলেন, চলতি বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনরায় দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন