আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়।
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী। ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আর দেশে ফেরার ব্যবস্থা সম্পন্ন করতে আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই এক সপ্তাহে মোট ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানো সবাই যে ওই সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন, এমনটা নয়। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন আরও ২৮ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, কাউকে পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে গুনতে হতে পারে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা। অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হতে পারে। পাশাপাশি দোষী ব্যক্তিদের নাম প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ।



















