বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে বিশ্বদরবারে একটি আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য অনেকে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পেয়েছেন। তবে এসব খেতাবের বাইরেও তাঁদের সবচেয়ে বড় অর্জন একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় ছিনিয়ে আনা। এমন গৌরব অর্জনের সুযোগ সবার জীবনে আসে না।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কেউ শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য। প্রত্যেকেই স্বাধীনতার সেই গৌরবময় ইতিহাসের অংশীদার।

মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। এ সময় তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তাঁদের প্রতি নিজের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন তাঁকে গর্বিত করে। তাঁর বাবা জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিলেন বলেও স্মরণ করেন তিনি।
বক্তব্যে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের অতীতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। পরে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
প্রবীণ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বয়সের ভারে অনেকেই আজ ক্লান্ত হলেও তাঁদের চোখে স্বাধীনতার চেতনা এখনো উজ্জ্বল। প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।


















