ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন

তিন বছর পর একসঙ্গে জোভান-ফারিণ

তিন বছরের বেশি সময় পর আবার একসঙ্গে কাজ শুরু করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’য় জুটি বেঁধেছেন তাঁরা। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং ইউনিটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাটকের খবর জানিয়েছেন নির্মাতা রাজ। নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ২০২৩ সালে ফারিণের নাম না করে একটি পোস্ট দেন জোভান। সেখানে তিনি অভিযোগ করেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেকেরই টিভি নাটকের প্রতি অবজ্ঞা রয়েছে।

সে সময় ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় ক্ষোভ প্রকাশ করে জোভান জানান, নাটকটি মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো খোঁজ নেই, অথচ তিনি ওটিটির কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। জবাবে বিস্ময় প্রকাশ করে ফারিণ জানান, নাটক দিয়েই তাঁর ক্যারিয়ার শুরু হয়েছে এবং নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না।

এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ বেশি দূর না গড়ালেও এরপর থেকে তিন বছরের বেশি সময় তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অবশেষে ‘প্রাণ সখিয়া’র মাধ্যমে সেই দূরত্বের অবসান ঘটল।

নতুন নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় বেশ কিছুদিন নাটকে দেখা যায়নি তাঁকে। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি।

এ মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন