ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

চীনের আদলে আধুনিক হবে ৯ পলিটেকনিক

কারিগরি শিক্ষার মান বাড়াতে দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে। পাশাপাশি দেশে চারটি নতুন প্রকৌশল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠী বিদেশে কাজ করছেন। বিদেশে যাওয়ার আগে তাঁরা কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিলে আরও বেশি আয় করা সম্ভব হবে। এ জন্য বিদেশে যেতে ইচ্ছুকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তৃতীয় ভাষা শেখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। শিক্ষার্থীদের তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি চীনা, আরবি, জাপানি বা কোরীয় ভাষার যেকোনো একটি শেখার পরামর্শ দেন।

সারাদেশে আর একটিও জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ লক্ষ্যে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও ঢেলে সাজানো হবে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন