ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন

বন্ধ হচ্ছে মাইক্রোসফট টু ডু

জনপ্রিয় টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ মাইক্রোসফট টু ডু বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। ২০২৭ সালের ৩০ জুন থেকে উইন্ডোজ, ম্যাক, আইফোন, অ্যান্ড্রয়েড ও ওয়েব—সব প্ল্যাটফর্মেই অ্যাপটি আর চলবে না।

কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের বিকল্প হিসেবে মাইক্রোসফট প্ল্যানারে যাওয়ার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। আগামী ডিসেম্বর থেকে প্ল্যানারে নতুন ‘মাই টাস্কস’ অভিজ্ঞতা চালু হচ্ছে। তবে ব্যক্তিগত অ্যাকাউন্টের ব্যবহারকারীদের জন্য প্ল্যানার ব্যবহারের সুযোগ নেই। মাইক্রোসফট ৩৬৫ পারসোনাল ও ফ্যামিলি অ্যাকাউন্টের ব্যবহারকারীদেরও অন্য কোনো অ্যাপ খুঁজে নিতে হবে।

টু ডুতে জমে থাকা কাজের তালিকা স্বয়ংক্রিয়ভাবে প্ল্যানারে যাবে না। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত প্ল্যানারের ভেতর থেকেই পুরোনো কাজগুলো দেখা যাবে। এরপর সেখান থেকেও সেগুলো আর দেখা যাবে না।

অ্যাপ বন্ধের আগে নিজের তথ্য ডাউনলোড করার সুযোগ দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট। তবে কীভাবে ও কখন এই সুবিধা মিলবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

প্ল্যানারের কোনো ডেস্কটপ অ্যাপ নেই; এটি শুধু ওয়েব ও টিমসের মাধ্যমে ব্যবহার করা যায়। উইন্ডোজ ও ম্যাকের জন্য আলাদা অ্যাপ আনার কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে ডেস্কটপে অফলাইনে কাজ করার সুবিধা হারাবেন ব্যবহারকারীরা।

২০১৭ সালের এপ্রিলে ওয়ান্ডারলিস্টের উত্তরসূরি হিসেবে টু ডু চালু করেছিল মাইক্রোসফট। ওয়ান্ডারলিস্ট কিনে নেওয়ার পর সেই দলই টু ডু তৈরি করেছিল। প্রায় এক দশক পর এবার সেই অ্যাপটিও বন্ধ হয়ে যাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন