ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ

কৃষি, কৃষিভিত্তিক শিল্প, সিএমএসএমই উদ্যোক্তা ও কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন ও এ বিষয়ে সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় টাউন হল সভা ও অংশীজন মতবিনিময় সভা হয়েছে। এতে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি অনুষ্ঠানটির আয়োজন করে। বুধবার (১৮ নভেম্বর) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ৪০টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে ৪০ জন কৃষক ও উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান মো. আবদুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, এনআরবিসি ব্যাংকের এসএমই ও এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। এ ছাড়া এলাকায় কর্মরত তফসিলি ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউজ্জামান দিদার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর অন্যতম। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ আরও কয়েকটি স্কিম বাস্তবায়ন করছে। তিনি জানান, ঘোষিত স্কিম বাস্তবায়নে ইতোমধ্যে দেশের ৪৩টি তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এসব ব্যাংকের মাধ্যমে যোগ্য কৃষি ও সিএমএসএমই উদ্যোক্তারা নির্ধারিত নীতিমালা অনুযায়ী অর্থায়নের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বাড়বে, নতুন শিল্পোদ্যোগ তৈরি হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কৃষক, কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা ও সিএমএসএমই উদ্যোক্তারা এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষি, কৃষিভিত্তিক শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটাতে পারবেন। এতে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কুষ্টিয়া এলাকায় কর্মরত তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নির্বাচিত ৪০ জন কৃষক, কৃষি ও সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে মোট ৪ কোটি ৫০ লাখ টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতাধীন ঋণের মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন