সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে চট্টগ্রামের বাকলিয়ায় নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করল বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)। বুধবার (১৮ নভেম্বর) সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২১ নভেম্বর থেকে সেখানে রোগীদের সেবা দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা মানবজীবনের অন্যতম মৌলিক চাহিদা হলেও অনেক সুবিধাবঞ্চিত মানুষের কাছে তা সহজলভ্য নয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা থেকেই বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ নিয়েছে। মিরসরাই ও চট্টগ্রামে ইতোমধ্যে বিএইচএইচ-এর কার্যক্রম চলছে; বাকলিয়ার নতুন সেন্টার সেই ধারাবাহিকতায় যুক্ত হলো।
বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সেন্টারটির আয়তন ৩ হাজার ৯৮৮ বর্গফুট। এখানে এক ছাদের নিচে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। রোগীরা বিএইচএইচ-এর মেডিকেল অফিসারদের কাছ থেকে পরামর্শ পাবেন; সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও থাকবে। পুনর্বাসনমূলক চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী, পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আর্থিকভাবে অসচ্ছল অনেক ব্যক্তি ও পরিবারের কাছে চিকিৎসার ব্যয় সময়মতো সেবা পাওয়ার পথে বড় বাধা। এক ছাদের নিচে এসব সেবা নিশ্চিত করে সেই বোঝা লাঘব করতে চায় বিএইচএইচ। এই উদ্যোগ সমাজকল্যাণ ও জনকল্যাণের প্রতি বিএসআরএম গ্রুপের অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।



















