ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ন

প্রথম মাইক্রোপ্রসেসরের ৫৫ বছর

ঠিক ৫৫ বছর আগে আজকের দিনে বাজারে এসেছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর — ইন্টেল ৪০০৪। ১৯৭১ সালের ১৫ নভেম্বর মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় এই চিপের। সেদিন থেকেই শুরু হয় কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে একটি ছোট চিপে বন্দি করার যুগ।

মজার বিষয় হলো, এই যুগান্তকারী আবিষ্কারের শুরুটা ছিল একটি সাধারণ ক্যালকুলেটর বানানোর পরিকল্পনা থেকে। ১৯৬৯ সালে জাপানের ক্যালকুলেটর নির্মাতা প্রতিষ্ঠান বুসিকম ইন্টেলের কাছে আসে বিশেষায়িত চিপ তৈরির অনুরোধ নিয়ে। প্রথমে একাধিক পৃথক চিপ ব্যবহারের কথা ভাবা হলেও ইন্টেলের প্রকৌশলী টেড হফ প্রস্তাব দেন একটি সাধারণ প্রোগ্রামযোগ্য প্রসেসরের ধারণা। সেই ধারণাকে বাস্তবে রূপ দেন ফেদেরিকো ফাজিন, স্ট্যানলি মাজর ও বুসিকমের প্রকৌশলী মাসাতোশি শিমা।

আজকের মানদণ্ডে চিপটির ক্ষমতা ছিল নগণ্য। এটি ছিল ৪-বিট প্রসেসর, অর্থাৎ একবারে ৪ বিট তথ্য প্রক্রিয়াকরণ করতে পারত। চিপটিতে ছিল মাত্র ২ হাজার ৩০০টি ট্রানজিস্টর। সর্বোচ্চ ক্লক স্পিড ছিল প্রায় ৭৪০ কিলোহার্টজ, আর সেকেন্ডে প্রায় ৯২ হাজার নির্দেশনা সম্পাদন করতে পারত এটি। তবু সেই সময়ের বিচারে এটাই ছিল বিস্ময় — কারণ এর আগে জটিল হিসাবের জন্য প্রয়োজন হতো ঘরভর্তি যন্ত্রপাতি।

১৯৭১ সালের ১৫ নভেম্বর ইন্টেল একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানায়, সমন্বিত ইলেকট্রনিক প্রযুক্তির নতুন যুগ শুরু হচ্ছে। এরপর আসে ৮০০৮, ৮০৮০সহ আরও শক্তিশালী প্রসেসর। সেই ধারাবাহিকতায় সত্তরের দশকে ত্বরান্বিত হয় ব্যক্তিগত কম্পিউটারের বিকাশ। পরে কম্পিউটার পৌঁছে যায় মানুষের ঘরে, আর একবিংশ শতাব্দীতে পকেটে — স্মার্টফোন হিসেবে।

৫৫ বছরে প্রযুক্তি কতদূর এগিয়েছে, তার হিসাবই চমকে দেওয়ার মতো। যেখানে ইন্টেল ৪০০৪-এ ছিল মাত্র ২ হাজার ৩০০টি ট্রানজিস্টর, সেখানে আধুনিক উচ্চক্ষমতার প্রসেসরে ট্রানজিস্টরের সংখ্যা এখন কয়েক হাজার কোটিতে পৌঁছেছে। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকসসহ নানা ক্ষেত্রে প্রসেসরের ভূমিকা অপরিহার্য — আর সেই দীর্ঘ যাত্রার সূচনাবিন্দু ছিল এই ছোট্ট চিপ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন