গত ৩১ অক্টোবর (শনিবার) এ বছরের (২০২৬ সাল) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার জন্য রূপালী ব্যাংক পিএলসি-এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) “রূপালীক্যাশ” নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
অনলাইনে মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার জন্য বৃহষ্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপালী ব্যাংক পিএলসি-এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি সম্পাদিত হয়।
উক্ত অনুষ্ঠানে ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক প্রফেসর ড. সাবিনা শারমীন চুক্তি সম্পন্ন করেন। রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে। এছাড়াও এর ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।
এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের গ্রাহকরা খুব সহজেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পেমেন্ট নিতে পারবে। এর জন্য শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করে পেমেন্টে রূপালীক্যাশ নির্বাচন করে পেমেন্ট দিতে পারবে। ইতোমধ্যে রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য, বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে পারে।
অনুষ্ঠানে ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ শেখ গিয়াসুদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আলী নূর এবং পরিচালক (ফাইন্যান্স ও একাউন্টস) প্রফেসর মোস্তাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।


















