প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা থেকে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, আবেদন গ্রহণের কাজও শুরু হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে ও বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে মিথ্যা তথ্য দিচ্ছে। তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা অর্থ আদায়ের চেষ্টা করছে। কার্ড দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কার্ডটি চালুর প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
কার্ড চালু হলে আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দিতে প্রবাসীদের অনুরোধ করেছে মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা [email protected] ই-মেইলে এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের সঙ্গে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।



















