তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে যান। সেখানে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাঁদের আগ্রহের বিষয়েও জানতে চান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে তাঁরা আগ্রহী।
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারেও ভালো সম্ভাবনা রয়েছে। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।



















