ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

রমজানে নিত্যপণ্য বাকিতে আমদানির সুযোগ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করা যাবে।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরবরাহকারীর ঋণ অথবা ক্রেতার ঋণের আওতায় এ সুবিধা নিতে পারবেন আমদানিকারকেরা।

সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ এ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন