সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।
ভুটানকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ জিতলে কিংবা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে লাল-সবুজের দল। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করা লঙ্কানদের সেমিফাইনালে উঠতে হলে আজ জিততেই হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আসছে। দলে ফিরছেন প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামবেন হামজা। চোট কাটিয়ে ফিরছেন তপু বর্মণও। তবে চোট পাওয়া বিশ্বনাথ ঘোষ খেলতে পারবেন না। অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিম একাদশের বাইরে থাকতে পারেন।
ম্যাচের আগে শিরোপা জয়ের দৃঢ় প্রত্যয় জানিয়েছেন হামজা। ২০০৩ সালের পর বাংলাদেশ আর সাফ শিরোপা জেতেনি। ২৩ বছরের সেই খরা ঘোচাতে চান তিনি। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের ফেভারিট মনে করেন এই মিডফিল্ডার। তাঁর মতে, গত ১২ মাসে শ্রীলঙ্কা অনেক উন্নতি করেছে, তবে বাংলাদেশও এগিয়েছে।
আজ দিনের অন্য ম্যাচে বিকেল সাড়ে ৩টায় একই মাঠে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। সেই ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে সেমিফাইনালের হিসাব।



















