প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ছয় ধরনের নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) চালু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। বুধবার (১১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন হিসাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।
নতুন ছয় হিসাবের মধ্যে সাধারণ ব্যাংকিং সেবার আওতায় রয়েছে এনআরসিটিএ সেভার, এনআরসিটিএ বিজ ও এনআরসিটিএ এফডিআর। আর শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবার আওতায় রয়েছে মুদারাবা সেভিংস এনআরসিটি অ্যাকাউন্ট, মুদারাবা এমটিডিআর এনআরসিটি অ্যাকাউন্ট ও আল-ওয়াদিয়াহ এনআরসিটিএ অ্যাকাউন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সাল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মুহিব্বুল আলম, ইসলামি ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা, আইসিটি অপারেশনস বিভাগের প্রধান মো. রাজিদুল ইসলাম, ট্রেজারি প্রধান কাজী জুনাইদ জামান ও এসএমই-অ্যাগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরসিটিএ হিসাব প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের আর্থিক ব্যবস্থার নিরাপদ ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সম্পর্ক গড়ে তুলবে। ছয়টি নতুন এনআরসিটিএ হিসাব চালুর ফলে প্রবাসী বাংলাদেশিরা দেশে সঞ্চয় ও বিনিয়োগের আরও বিস্তৃত সুযোগ পাবেন। শরিয়াহসম্মত মুনাফা অর্জনের পাশাপাশি হিসাবধারীরা মূলধন ও মুনাফাসহ পুরো অর্থ বিদেশে ফেরত নিতে পারবেন এবং ডিজিটাল ব্যাংকিং মাধ্যমে সহজে হিসাব পরিচালনা করতে পারবেন।
ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা চলতি, সঞ্চয়ী ও মেয়াদি আমানত হিসাব পরিচালনা করতে পারবেন। যেকোনো সময় মুনাফাসহ পুরো অর্থ উত্তোলন বা বিদেশে পাঠানোর সুবিধা, বাজারভিত্তিক সুদ/মুনাফার হার এবং প্রতি মাসে সুদ/মুনাফা জমা হওয়ার সুবিধা রয়েছে এসব হিসাবে।

এনআরসিটিএ হিসাব চালু ও পরিচালনার ফলে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

















