ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় কিশোরী মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই ছাত্রীকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়। গত ২ জুলাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

এ ঘটনায় গত ২৩ এপ্রিল ছাত্রীটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন। আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ পরীক্ষা করলে সাগরের ডিএনএর সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

তদন্ত শেষে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক মো. আক্তারুজ্জামান সাগর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। মাত্র ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়। গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছিলেন। মামলায় অপর আসামি মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন