সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে গত এক সপ্তাহে ৯ হাজার ৪১০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ৮ হাজার ৫৩৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযানে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৮২২ জন আবাসন আইন, ৩ হাজার ১৭০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪১৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৯ শতাংশ ইয়েমেনি, ৩০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্য দেশের নাগরিক। দেশ থেকে অবৈধভাবে পালানোর চেষ্টা করায় আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ৩১ জনকেও গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৪ হাজার ৩৬১ জন প্রবাসী আইন লঙ্ঘনের দায়ে বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ১২ হাজার ৫০৭ জন পুরুষ এবং ১ হাজার ৮৫৪ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলে তার ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হবে। কোনো অভিবাসীকে পরিবহন, আশ্রয় দেওয়া বা কর্মসংস্থানের ব্যবস্থা করলেও একই শাস্তি হতে পারে।


















