ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ

আজ (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বসছে সংগীতের জমজমাট আসর। একই মঞ্চ মাতাবেন নগরবাউল জেমসসহ দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’তে টানা সাত ঘণ্টা চলবে সংগীত পরিবেশনা। সবচেয়ে বড় আকর্ষণ, কনসার্টটি উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট লাগবে না।

বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই উন্মুক্ত কনসার্ট। মঞ্চে থাকছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। দেশের ব্যান্ডসংগীতের জনপ্রিয় এই দলগুলোকে এক মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন সংগীতপ্রেমীরা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের ঘোষণা দিয়ে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন অংশগ্রহণকারী শিল্পীরা। নগরবাউল জেমস তার ভক্তদের সঙ্গে দেখা হওয়ার বার্তা দিয়েছেন। অন্যদিকে ওয়ারফেজ জানিয়েছে, ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশকে উদ্‌যাপন করতেই এই আয়োজনে অংশ নিচ্ছে তারা।

ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম জানিয়েছেন, প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট মঞ্চে থাকবে ব্যান্ডটি। এ সময় ‘হারিয়ে তোমাকে’, ‘বসে আছি’ ও ‘পূর্ণতা’র মতো শ্রোতাপ্রিয় গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে তাদের।

কনসার্টের আগে বেলা ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপদেষ্টা জাহেদ উর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

দর্শকদের জন্য বেলা সাড়ে ৩টায় প্রবেশপথ খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। এরপর বিকেল ৪টায় শুরু হবে মূল আয়োজন।

আয়োজকদের ভাষ্য, সংগীতের মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই কনসার্টের লক্ষ্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে সাতটি জনপ্রিয় ব্যান্ডের সম্মিলিত পরিবেশনা রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ