ঢাকা, রবিবার, ৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়ার আলীনগর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম তারা মিয়া (২০)। তিনি কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া। তবে দলের অন্য চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসতে সক্ষম হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের অভ্যন্তরে ঢুকে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হন। নিহত তারা মিয়ার বিরুদ্ধে পূর্বেও থানায় চোরাচালানের মামলা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ