ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় দেন।

দুদকের প্রসিকিউটর এস এম আবুল কালাম (আজাদ) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ জুলাই দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২৮ জুলাই রায়ের দিন নির্ধারণ করেন।

রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এস কে সুরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাঁকে এজলাসে হাজির করা হলে আদালত তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

আদালতে রায় শোনার পর এস কে সুর বিস্ময় প্রকাশ করে বলেন, ‘তিন বছরের সাজা! এই মামলায় না এক বছরের সাজা?’

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুর এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের তথ্যসহ হিসাব বিবরণী দাখিলের জন্য দুদক নোটিশ দেয়। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি সম্পদের হিসাব বিবরণীর ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

পরে মামলার তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন এবং বিচারকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ