যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের সম্ভাবনার খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান।
দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্টভাবে জানিয়েছেন, ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে আইএইএর কোনো পরিদর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে পার্লামেন্ট ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদিত আইন কার্যকর রয়েছে এবং তা থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে গালিবাফ বলেন, বর্তমানে আইএইএর পরিদর্শকদের কেবল দুটি স্থানে—বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান গবেষণা রিঅ্যাক্টরে—সীমিত প্রবেশাধিকার রয়েছে। এর বাইরে অন্য কোনো পরমাণু স্থাপনায় প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলোতে আইএইএর প্রবেশাধিকার নিষিদ্ধ করে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে আইন পাস করেছে। একই সিদ্ধান্তকে সমর্থন করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও। ফলে আইনি কাঠামোর মধ্যেই এসব স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
গালিবাফের এই বক্তব্য আসে এমন সময়, যখন আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের আওতায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। তার ভাষায়, পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতে এবং সংরক্ষিত পারমাণবিক উপাদান যাচাই করতে এই পরিদর্শন অপরিহার্য।

তবে তেহরান শুরু থেকেই গ্রোসির এ বক্তব্য প্রত্যাখ্যান করে আসছে। ইরানের কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত সমঝোতা না হওয়া এবং নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলায় ক্ষতিগ্রস্ত কোনো পরমাণু স্থাপনায় আইএইএর পরিদর্শনের প্রশ্নই ওঠে না।


















