মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। সংবাদমাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরান ও হিজবুল্লাহ অঞ্চলের ওপর একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার শক্ত জবাব দেওয়া হবে। নেতানিয়াহুর দাবি, কৌশলগত অবস্থানের দিক থেকে ইরান ও হিজবুল্লাহ বর্তমানে আগের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, জেজিন ও টাইর জেলায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলা এখনো অব্যাহত রয়েছে। সীমান্ত অঞ্চলের এই সংঘাতময় পরিস্থিতি নিরসনে কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালে।
লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিরাপদে নিজ নিজ আবাসে ফেরানোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে। সীমান্ত অঞ্চলকে কোনোভাবেই জনশূন্য ‘বাফার জোন’ বা বিচ্ছিন্ন এলাকায় পরিণত করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলমান সংঘাতের একটি ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলা ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩ হাজার ৬৩৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই সময়ে আহত হয়েছেন আরও ১১ হাজার ১৮৮ জন নাগরিক।

অন্যদিক, ইরানের সামরিক শাখা খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স আপাতত ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যদি ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকে, তবে তারা ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।


















