রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ১৩ ঘণ্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে ৩৩৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রাজধানী মস্কোসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে।
শনিবার (৬ জুন) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৮টার মধ্যে (গ্রিনিচ মান সময় ০৪:০০ থেকে ১৭:০০) এসব ড্রোন ধ্বংস করা হয়। তালিকায় মধ্য রাশিয়ার বিভিন্ন অঞ্চল ছাড়াও উত্তর-পশ্চিমের লেনিনগ্রাদ ও পস্কভ অঞ্চল এবং কৃষ্ণসাগর উপকূলীয় এলাকাও রয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনও টেলিগ্রামে একাধিক পোস্টে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় থাকার কথা জানান।
এদিকে অনানুষ্ঠানিক সূত্রে দাবি করা হয়েছে, সারাদিনে মোট ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ড্রোন হামলার আশঙ্কায় রাশিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একাধিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়। সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, কৃষ্ণসাগর উপকূলীয় পর্যটন শহর সোচিতে দিনের বিভিন্ন সময়ে চার দফায় ফ্লাইট স্থগিত করা হয়।



















