পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৬ ব্যাংক ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে ১৫টি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২ হাজার ৬৭০ কোটি ২৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে বিতরণ করা হবে।
ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে ।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৫ অর্থবছরে ইস্টার্ন ব্যাংক বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ দেবে। ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ হারে ৩৯৮ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ পাবেন। এরপর ১৫ শতাংশ হারে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮ কোটি ৬৪ লাখ টাকা দেবে ব্র্যাক ব্যাংক এবং ২৫ শতাংশ হারে তৃতীয় সর্বোচ্চ ২৯০ কোটি ১৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে প্রাইম ব্যাংক।
এর বাইরে যমুনা ব্যাংক ২৯ শতাংশ হারে ২৮১ কোটি ৩৮ লাখ, সিটি ব্যাংক ১৫ শতাংশ হারে ২২৮ কোটি ১৮ লাখ, ডাচ্-বাংলা ব্যাংক ২৫ শতাংশ হারে ২৪১ কোটি ৬৮ লাখ, পূবালী ব্যাংক ১৫ শতাংশ হারে ১৯৫ কোটি ২২ লাখ, এনসিসি ব্যাংক ১৭ শতাংশ হারে ১৮৮ কোটি ৭৭ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ১৩ শতাংশ হারে ১৪৪ কোটি ৬৯ লাখ, ব্যাংক এশিয়া ৮ দশমিক ৫০ শতাংশ হারে ১০৯ কোটি ১ লাখ, ঢাকা ব্যাংক ১০ শতাংশ হারে ১০৫ কোটি ৬৯ লাখ ও ট্রাস্ট ব্যাংক ৮ শতাংশ হারে ৭৯ কোটি ৫৩ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।
অন্যদিকে ২০২৫ সালের ব্যবসায় সবচেয়ে কম নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ৩ শতাংশ হারে ১৯ কোটি ৭৭ লাখ টাকার নগদ লভ্যাংশ পাবেন।

২০২৫ হিসাববছরের ব্যবসায় শুধু বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আলোচ্য অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করেনি ১৪টি ব্যাংক। আর এখনো ২০২৫ হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংক।
বাজার সংশ্লিষ্টদের মতে, চলমান সংকটের সময় ব্যাংকগুলোর এ নগদ লভ্যাংশ ইতিবাচক খবর।ব্যাংকগুলোর এবারের নগদ লভ্যাংশে বাজারে গতি বৃদ্ধি করবে।


















