ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

ভেনেজুয়েলাকে মার্কিন অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো একটি মানচিত্র পোস্ট করেছেন। পোস্টে দেশটির মানচিত্রের ওপর মার্কিন পতাকার নকশা ব্যবহার করা হয় এবং সেখানে লেখা ‘৫১তম স্টেট’।

চীন সফরে যাওয়ার পথে মঙ্গলবার (১২ মে) এই পোস্ট দেন ট্রাম্প। এর একদিন আগেই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ স্পষ্টভাবে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা তাদের দেশ কখনো ভাবেনি। এমনকি গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পরও এমন কোনো চিন্তা করা হয়নি।

এর আগে ১১ মে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। কয়েক মাস ধরেই তিনি দাবি করে আসছেন যে দেশটির ওপর তার প্রভাব রয়েছে।

অন্যদিকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করেছে। তার সরকার খনিজ ও তেল খাত বিদেশি কোম্পানির জন্য পুনরায় উন্মুক্ত করেছে, যেখানে বিশেষভাবে মার্কিন প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েছে। ভেনেজুয়েলার বিরোধী দল নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে গত ১ মে সম্ভাব্য নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ বলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত নন, তবে কোনো এক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ