চলমান উত্তেজনা নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের সরকারি বার্তা সংস্থা ইরনা রবিবার (১০ মে) জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। ইরানের এই পাল্টা প্রস্তাবে লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল ব্যবস্থার মতো বিষয়গুলোকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।
আরবি ভাষার সংবাদমাধ্যম এবং কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, ইরানের দেওয়া এই প্রস্তাবে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করাকে তাদের অন্যতম প্রধান ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদিন এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান তাদের ওপর আরোপিত তথাকথিত ‘অবরোধ’ প্রত্যাহার এবং তেল রপ্তানির ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। প্রস্তাবটিতে আরও রয়েছে:
হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব ও নৌ-চলাচল সংক্রান্ত নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা।
বর্তমান আঞ্চলিক সংঘাত শেষ হওয়ার পর একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ৩০ দিনের একটি আলোচনার সময়সীমা।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তাদের জবাব ছিল ‘ইতিবাচক ও বাস্তবসম্মত’। তিনি স্পষ্ট করেছেন যে, তেহরান কেবল নির্দিষ্ট কোনো দেশ নয়, বরং সমগ্র অঞ্চলে বিশেষ করে লেবাননে যুদ্ধের অবসান চায়।


















