ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বীমা খাতে স্বচ্ছতা বাড়াতে ৭ অডিট ফার্মকে তালিকাভুক্ত করেছে আইডিআরএ

বীমা কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ব্যয় নিরীক্ষা (কস্ট অডিট) এবং কর্মদক্ষতা নিরীক্ষা (পারফরম্যান্স অডিট) কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই লক্ষ্যে নতুন করে সাতটি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্মকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি।

আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন তালিকাভুক্ত ফার্মগুলো এখন থেকে বীমা খাতের নির্ধারিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এ হান্নান অ্যান্ড কোং, হোসেন অ্যান্ড কোং, মুজিবুর রহমান অ্যান্ড কোং, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং, সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং স্যাম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

বিশ্লেষকদের মতে, কস্ট অডিটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ব্যয়-সংক্রান্ত হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়, যা ব্যয়ের যথার্থতা নিশ্চিত করতে সহায়ক। অন্যদিকে পারফরম্যান্স অডিট একটি প্রতিষ্ঠানের কার্যক্রম কতটা দক্ষতা, কার্যকারিতা ও মিতব্যয়িতার সঙ্গে পরিচালিত হচ্ছে—তার সামগ্রিক মূল্যায়ন দেয়।

খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন ফার্মগুলোর অন্তর্ভুক্তি বীমা খাতে পেশাদার নিরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়াও আরও কার্যকর হবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ