প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফনের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। এ মাসে প্রায় ৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৮১ বিলিয়ন ডলার।
এর আগে ১ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪.২৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯.৬১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















