দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর ঋণপ্রাপ্তি আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। বিদেশি ব্যাংকের গ্যারান্টির (জামানত) বিপরীতে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না। ব্যাংকগুলো নিজেই যাচাই-বাছাই করে শর্ত মেনে ঋণ ছাড় করতে পারবে। গতকাল রবিবার জারি করা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে নানা শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহজে অর্থায়ন পাওয়া এবং অভ্যন্তরীণ ঋণের সুযোগ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে যে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিদেশি ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের (এসবিএলসি) বিপরীতে টাকায় ঋণ দিতে পারবে। এ জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি অবশ্যই শর্তহীন, অপরিবর্তনীয় এবং প্রথম দাবিতেই দিতে হবে। এটি কোনো বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত হতে হবে, যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো রেটিং এজেন্সি থেকে সন্তোষজনক ক্রেডিট রেটিং রয়েছে। এই রেটিং ন্যূনতম বিবি রেটিং গ্রেড ১-২ এর সমতুল্য হতে হবে। ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঋণ নীতি, ঝুঁকি গ্রহণ কাঠামো এবং দেশীয় ঝুঁকি নির্ণায়ক মানদ- অনুযায়ী গ্রহণযোগ্য হতে হবে। এই ধরনের বিদেশি ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসির ক্ষেত্রে দেশীয় ঋণগ্রহীতা সরাসরি বা পরোক্ষভাবে কোনো ফি, কমিশন, চার্জ বা কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা প্রদান করতে পারবে না।


















