বিশ্বকাপ বয়কট নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নাম প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, পাকিস্তান টি–টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা এবং সাদা বল দলের প্রধান কোচ মাইকেল জেমস হেসন।
ঘোষিত দলে অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে প্রথমবারের মতো কোনো বড় বৈশ্বিক টুর্নামেন্টে ডাক পেয়েছেন ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফায়, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক।
অন্যদিকে অভিজ্ঞদের মধ্যে আছেন আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান—যারা ২০২১ সালের পর থেকে অন্তত এক বা একাধিক আসরের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।
বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ বৈশ্বিক ক্রিকেট পরিচালনা কাঠামোর বড় ধরনের দুর্বলতাবিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ বৈশ্বিক ক্রিকেট পরিচালনা কাঠামোর বড় ধরনের দুর্বলতা

২০ দলের এই বিশ্বকাপে প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর সুপার এইট ও নকআউট পর্ব মিলিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। পাকিস্তান ফাইনালে উঠলেও সে ম্যাচ আয়োজিত হবে কলম্বোয়। অন্যথায় সেমিফাইনাল ও ফাইনাল হবে ভারতে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের ম্যাচগুলো ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।


















