ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) এসব দুর্ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার যাদবপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামের এক যুবক নিহত হন। তিনি আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনাল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল হক মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে আসার পথে যাদবপুর এলাকায় একটি বিড়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মাছবোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আলমসাধুর চালক জহুরুল হক গুরুতর আহত হন।

নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বালুবোঝাই ট্রাকটির সঙ্গে সংঘর্ষে আলমসাধুটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ