শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো আর নেই। গতকাল মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ট্রেনের ধাক্কায় আহত হয়ে তিনি প্রায় ৭ বছর ধরে কোমায় ছিলেন। আকশুর মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গনে নেমে এসেচে শোকের ছায়া। তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কলম্বোর দক্ষিণাঞ্চলীয় উপশহর মাউন্ট লাভিনিয়ায় একটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন আকশু। সমুদ্রসৈকতে অনুশীলন শেষে ফেরার পথে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। তখন তার বয়স ছিল ২৭ বছর। দুর্ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ সময় লাইফ সাপোর্টে ছিলেন।
ডানহাতি ব্যাটার হিসেবে পরিচিত আকশুর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার তখন সদ্যই গতি পেতে শুরু করেছে। দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পাশাপাশি অফস্পিনেও দক্ষতা অর্জন করেছিলেন। সিনিয়র পর্যায়ে তার ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল। ৯ বছরের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে তিনি কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব, চিলাও মারিয়ান্স স্পোর্টস ক্লাবসহ একাধিক দলের হয়ে খেলেছেন।
আকশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের জ্যেষ্ঠ কর্মকর্তা রোশন আবয়সিংহে। তিনি বলেন, ‘আকশু ছিলেন অত্যন্ত ভদ্র ও হাসিখুশি একজন মানুষ। একটি নির্মম দুর্ঘটনা তার সম্ভাবনাময় ক্যারিয়ার থামিয়ে দেয়। স্কুল ক্রিকেট থেকে শুরু করে রাগামা ক্লাব—সব জায়গাতেই তিনি ছিলেন মানসম্মত খেলোয়াড়। যারা তাকে চিনত, সবার জন্যই এটি এক শোকের দিন।’



















