ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক ১৯ কর্মকর্তার বিষয়ে তথ্য নিচ্ছে দুদক

বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক ১৭ কর্মকর্তা, ভারতীয় দুই নাগরিকসহ ১৯ জনের তথ্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর চিঠি দিয়ে এসব ব্যক্তির বিষয়ে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে তাদের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নম্বর, কাজের পরিধি এবং অন্যান্য তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের অনেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা এবং নীতি শিথিলতার কারণে অর্থ আত্মসাতের সুযোগ দেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি।

তালিকায় আছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। রিজার্ভ চুরির সময় আতিউর রহমান গভর্নরের দায়িত্বে ছিলেন এবং ওই বছরের ১৫ মার্চ পদত্যাগ করেন। এছাড়া সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবু হেনা মোহা. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, আহমেদ জামাল এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মো. মাসুদ বিশ্বাসের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাও রয়েছেন এ তালিকায়।

বর্তমান কর্মকর্তাদের মধ্যে আছেন রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক (সম্প্রতি পদত্যাগ করেছেন), আইসিটি বিভাগের দেবদুলাল রায়, কমন সার্ভিস বিভাগ-২ এর পরিচালক মো. তফাজ্জল হোসেন, বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ, আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মসিউজ্জামান খান ও রাহাত উদ্দিন।

দুদকের চিঠিতে ভারতীয় নাগরিক নীলা ভান্নান ও রাকেশ আস্তানার তথ্যও চাওয়া হয়েছে। নীলা ভান্নান রিজার্ভ চুরির আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি ব্যাংকের লেনদেন নিষ্পত্তির জন্য ‘সুইফট’ সংযোগ দেওয়ার কাজ করেছিলেন। আর রাকেশ আস্তানাকে রিজার্ভ চুরির পর সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেন তৎকালীন গভর্নর আতিউর রহমান।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় নেওয়া দুই কোটি ডলার ফেরত পাওয়া যায়। তবে ফিলিপাইনে নেওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে মাত্র দেড় কোটি ডলার ফেরত এসেছে। বাকি অর্থ উদ্ধারে এখনো মামলা চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ