কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে উইকেট পওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে এলো ৯ ওভারে। শেষ পর্যন্ত সম্ভব হলো না সেটিও। দুই দল মিলিয়ে খেলা হলো স্রেফ ১৩ ওভারের কাছাকাছি। তবে জয়-পরাজয় বের করে আনার জন্য যথেষ্ট হলো সেটুকুই। বৃষ্টিস্নাত লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের জয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৪ রানে। কার্ডিফে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। বৃষ্টির কারণে খেলা শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। ম্যাচ নেমে আসে ৯ ওভারে।
কার্ডিফে সিরিজের প্রথম টি২০তে বেশ ভালোই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তার পরেও ম্যাচটা মাঠে গড়িয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
প্রতিকূল আবহওয়ায় ২০ ওভারের ম্যাচ হয়ে যায় মাত্র ১২.৫ ওভারের। বিলম্বিত শুরুর কারণে ম্যাচটি প্রতি দলের জন্য শুরুতে ৯ ওভারে সীমাবদ্ধ করা হয়েছিল। প্রোটিয়ারা ৭.৫ ওভারে আরেক দফা বৃষ্টি নামার আগে ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে করেন ৯৭ রান। তার পর ইংল্যান্ডের সামনেও ৫ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৬৯ রানের। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে রান রেটের চাহিদা মেটাতে পারেনি; ৫ উইকেটে ৫৪ রানে থেমেছে তারা।
মার্কো ইয়ানসেন ১৮ রানে নেন দুটি উইকেট। করবিন বশও ২০ রানে নেন দুটি। এই দুজনের বোলিং ইংলিশদের প্রতিরোধ করার জন্য ছিল যথেষ্ট। ব্যাট হাতে জশ বাটলার ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেছেন।

তার আগে প্রোটিয়াদের বেশ কয়েকজন বারুদে ব্যাটিংয়ে ২০ রানের বেশি করে তুললে ৭.৫ ওভারে তুলতে পারে ৫ উইকেটে ৯৭ রান। শুরুতে টস জিতেছিলেন ব্রুক। প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম ১৪ বলে করেছেন ঝড়ো ২৮ রান। তাতে ছিল দুটি চার, দুটি ছয়ের মার। অবশ্য ডিপে তার ক্যাচ ছেড়েছিলেন ফিল সল্ট। ম্যাচসেরা হওয়া ডোনাভান ফেরেইরা বারুদে ব্যাটিংয়ে ১১ বলে ৩ ছক্কায় খেলেন ২৫ রানের অপরাজিত ইনিংস। তাছাড় ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ৩ ছক্কায় করেছেন ২৩ রান। লুক উড ২২ রানে নেন দুটি উইকেট। একটি করে নেন জেমি ওভারটন, আদিল রশিদ ও স্যাম কারান।


















