ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

প্রতিকূলতার মধ্যেও ব্যবসার সাফল্য ধরে রেখেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে দেশে অর্থনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতার মধ্যেও ভালো ব্যবসা করছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠানটি গ্রাহকদের দাবিও সঠিক সময়ে পূরণ করছে বলে জানান কোম্পানি সচিব মো. মাসুদ রানা।

তিনি বলেন, ডলার ক্রাইসিস, এলসি-লেটার অব ক্রেডিট খুলতে সমস্যা ও রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে। প্রতিষ্ঠানের বিশেষ কিছু গ্রাহক রয়েছে। যারা সব সময় ব্যবসায়ীক সাপোর্ট দিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। যেকারণে অন্যান্য অনেক ইন্সুরেন্স কোম্পানির চেয়ে আমরা ভালো করছি। প্রতি বছর আমরা বিনিয়োগকারীদের সন্তোষজনক লভ্যাংশ দেওয়ার চেষ্টা করছি।

আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত তিন প্রান্তিকে ধারাবাহিকভাবে আয় বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ০ দশমিক ৮১ টাকা, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৪) আয় হয়েছে এক টাকা ০৭ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) আয় হয়েছে এক টাকা ২২ পয়সা।

গত তিন প্রান্তিক মিলে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি মোট আয় হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৬ পয়সা। বছরের ব্যবধানে আয় বেড়েছে ১২ শতাংশ। এদিকে ২০১৯ সালে ১২ শতাংশ, ২০২০ সালে ১৫ শতাংশ, ২০২১ সালে ১৮ শতাংশ, ২০২২ সালে ২০ শতাংশ এবং ২০২৩ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানিটি ২০১৯ সালে ৯ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা, ২০২০ সালে ১০ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা, ২০২১ সালে ১৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা, ২০২২ সালে ১৭ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা এবং সর্বশেষ ২০২৩ সালে ১৭ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা মুনাফা করেছে।

আর্থিক প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের রিজার্ভে রয়েছে ২৭ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা; যার মধ্যে উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে ৫৮ দশমিক ১৩ শতাংশ, ৪ দশমিক ৮৫ শতাংশ এবং ৩৭ দশমিক ০২ শতাংশ।

‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের সর্বশেষ সমাপনী শেয়ার দর ছিল ৪৩ দশমিক ২০ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন