ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

সৌদি বন্দর-শোধনাগারে হুতিদের হামলার দাবি

সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দর এবং রাস তানুরা শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত মঙ্গলবার রাতে এসব স্থাপনায় হামলার দাবি করে তারা।

জোট বাহিনী জানিয়েছে, রাস তানুরা শোধনাগারের ওপর দিয়ে যাওয়া চারটি ড্রোন প্রতিহত করা হয়েছে। জাজান বন্দরে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তাতে সামান্য ক্ষতি হয়েছে, কেউ হতাহত হননি। জেদ্দা ইসলামিক বন্দরের কাছে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে একটি ড্রোন প্রতিহত করা হয়। একই রাতে রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে জোট বাহিনী।

এর আগে গত মঙ্গলবার রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে ড্রোন হামলা হয়। ৮০ তলা ও ৩৮৫ মিটার উঁচু এ ভবনটি রাজধানীর কিং আবদুল্লাহ আর্থিক জেলায় অবস্থিত। এ হামলায় ১১ জন আহত হন। আহতদের মধ্যে দুজন সৌদি, চারজন মিসরীয়, তিনজন নেপালি ও দুজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

গত ১৯ নভেম্বরও একই ভবনে হামলা হয়েছিল। সেদিন ভবনের কয়েকটি তলায় ক্ষতি হয় এবং সাত থেকে আটটি তলার জানালা ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি। ১৯ নভেম্বরের হামলার দায় স্বীকার করেছিল হুতিরা। জোট বাহিনীর মুখপাত্র তুরকি আল-মালকি এ হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

সৌদি আরবে হুতিদের হামলা গত কয়েক সপ্তাহে বেড়েছে। এর আগে আর্থিক জেলার একটি ভবন ও রিয়াদ বিমানবন্দরেও হামলা হয়। অক্টোবরে বিমানবন্দরে এক হামলায় ১৪ জন নিহত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন