সারাদেশের সব জেলায় আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার এক বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।
তিনি বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
এর আগে বুধবার বিভাগীয় শহরগুলোতে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। আজ জেলায় জেলায় কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহের এ কর্মসূচি শেষ হবে।



















